চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোঁপঝাড় থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুকে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন ১২৩টি পরিবার। শিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে এক দিনেই এসব আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে উপযুক্ত পরিবার বাছাই করতে যাচাই-বাছাই শুরু করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের পারিবারিক পরিবেশ, আর্থিক সামর্থ্য, শিশুর যত্ন নেওয়ার সক্ষমতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে উপযুক্ত পরিবার নির্বাচনের প্রক্রিয়া চলছে। তবে আবেদন করলেই শিশুটিকে দত্তক নেওয়ার সুযোগ মিলবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের পাশাপাশি প্রযোজ্য আইনগত প্রক্রিয়াও অনুসরণ করা হবে।
ফটিকছড়ির ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, শিশুটিকে দত্তক নিতে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। উপযুক্ত পরিবার নির্বাচনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং এলাকার আমতলীতে সড়কের পাশের ঝোঁপঝাড় থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন শিশুটিকে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ফটিকছড়ি থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিল। তবে কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লো মক্কা-মদিনায়
বাংলাদেশ থেকে সৌদিগামী ১৪৪টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী