সাত দফা অভিযানে সৌদির বিভিন্ন স্থাপনায় হুথিদের হামলা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা এবং রাবিগ তেল শোধনাগারসহ বিভিন্ন স্থাপনায় সাত দফা সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে সৌদি আরবের হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। তার অভিযোগ, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য প্রদেশে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ১০০টি বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারির বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানে দুই ধাপে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় অভিযানে ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা এবং তৃতীয় অভিযানে রাবিগ তেল শোধনাগারে হামলা চালানো হয়। চতুর্থ অভিযানে অপরিশোধিত তেল পাম্প করার কয়েকটি কেন্দ্র ও সৌদি আরবের পূর্ব-পশ্চিমমুখী তেল পাইপলাইন লক্ষ্য করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পঞ্চম অভিযানে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, ষষ্ঠ অভিযানে নাজরান বিমানবন্দর এবং সপ্তম অভিযানে খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এসব হামলাকে সরাসরি ও নির্ভুল আঘাত হিসেবে বর্ণনা করেছে হুথি। তবে হামলার ক্ষয়ক্ষতি বা লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইয়াহিয়া সারি দাবি করেন, উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মোট ঘটনা ৩ হাজার ১২৩টিতে পৌঁছেছে। হুথির ভাষ্য, সৌদি ভূখণ্ডের গভীরে তাদের অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনে হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি।

এর আগে ইয়াহিয়া সারি জানিয়েছিলেন, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে সৌদি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত দুটি স্থাপনায় সৌদি-সমর্থিত বাহিনীর সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্থাপনা দুটি হলো আল-নাসর সামরিক শিবির ও নৌঘাঁটি। তার অভিযোগ, ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি হিসেবে সেখানে বাহিনীকে সংগঠিত ও সজ্জিত করা হচ্ছিল। সূত্র: প্রেস টিভি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত