গ্যাস বিনিময় চুক্তিতে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে ইরান-রাশিয়া

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

রাশিয়ার সঙ্গে গ্যাস বিনিময়সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান হামিদ বোরদ জানিয়েছেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে বিস্তৃত সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তেল ও গ্যাস খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা অব্যাহত আছে।

ইরানি সংবাদমাধ্যম ওয়ানা নিউজের ২৫ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার গ্যাস ইরানে সরবরাহের সম্ভাবনা নিয়ে দুই দেশের আলোচনা কয়েক বছর ধরে চলছে। ২০২৪ সালের জুনে ইরানের জাতীয় গ্যাস কোম্পানি ও রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম রুশ প্রাকৃতিক গ্যাস ইরানে সরবরাহের সম্ভাবনা খতিয়ে দেখতে একটি সমঝোতা স্মারক সই করে।

এরপর ২০২৫ সালের এপ্রিলে দুই দেশের কর্মকর্তারা আজারবাইজানের মধ্য দিয়ে ইরানে রুশ গ্যাস পরিবহনের পরিকল্পনা নিয়ে আলোচনার কথা জানান। প্রাথমিক পর্যায়ে বছরে প্রায় ১৮০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহের সম্ভাবনা বিবেচনা করা হয়েছিল। পরবর্তী ধাপে প্রকল্পটির বার্ষিক সরবরাহক্ষমতা ৫ হাজার ৫০০ কোটি ঘনমিটার পর্যন্ত বাড়ানোর সম্ভাবনার কথাও উঠে আসে।

তবে চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে গ্যাসের মূল্য নির্ধারণ ও অর্থ পরিশোধের পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল বলে ২০২৬ সালের জুনে জানিয়েছিলেন ইরানের জাতীয় গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ তাভাকোলি। নতুন গ্যাস বিনিময় চুক্তির বিস্তারিত শর্ত কিংবা আজারবাইজান হয়ে গ্যাস সরবরাহের প্রস্তাবিত প্রকল্পের সঙ্গে এর সম্পর্ক কী, তা হামিদ বোরদের বক্তব্যে স্পষ্ট করা হয়নি।

এদিকে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের অষ্টম শীর্ষ সম্মেলনের অবকাশে আগামী কয়েক দিনের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে দুই নেতা জ্বালানি খাতসহ অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছিলেন। সূত্র: ওয়ানা নিউজ

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত