ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জনসেবাকে অগ্রাধিকার দেওয়া, জনগণের আস্থা বাড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। সম্প্রতি তার সঙ্গে বৈঠকের কথা জানিয়ে সোমবার (২৬ অক্টোবর) এসব তথ্য প্রকাশ করেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই।
বিচার বিভাগের সর্বোচ্চ পরিষদের এক বৈঠকে এজেই বলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তিনি দেশের সর্বশেষ পরিস্থিতি এবং বিচার বিভাগের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইনসভা ও সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে মোজতবা খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে এজেই বলেন, তাকে সুস্থ, দৃঢ় ও শান্ত মনে হয়েছে। তার সাহস ও সংকল্পের প্রশংসা করে বিচার বিভাগের প্রধান বলেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে সর্বোচ্চ নেতা পুরোপুরি অবগত রয়েছেন এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য পাচ্ছেন।
এজেইর ভাষ্য অনুযায়ী, জনসেবার প্রতিটি সুযোগ কাজে লাগানো, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের উদ্বেগ ও সমস্যা সমাধান এবং সরকারি কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন মোজতবা খামেনি। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। একই সঙ্গে অভিযুক্তদের ক্ষেত্রে ন্যায়সংগত ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সর্বোচ্চ নেতা।
বিচার বিভাগ ও তদারকি সংস্থার দুর্বলতাগুলো দুর্নীতির বড় সমস্যায় পরিণত হওয়ার আগেই শনাক্ত করে সমাধানের নির্দেশনাও দিয়েছেন মোজতবা খামেনি। এজেইর বক্তব্য অনুযায়ী, দুর্নীতি প্রতিরোধে শুধু অপরাধের পর ব্যবস্থা নেওয়াই নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্বলতা আগেভাগে চিহ্নিত করাও জরুরি বলে মনে করেন তিনি।
গত ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তার বার্তাগুলোও মূলত লিখিত আকারে প্রকাশিত হয়েছে। এ অবস্থায় বিচার বিভাগের প্রধানের সঙ্গে বৈঠকের খবর এবং তার শারীরিক অবস্থা নিয়ে এজেইর বক্তব্য ইরানের নতুন সর্বোচ্চ নেতার কার্যক্রম ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে নতুন করে মনোযোগ তৈরি করেছে।
তবে মোজতবা খামেনির এই বৈঠকের কোনো যাচাইকৃত ছবি প্রকাশ্যে এসেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি। তার প্রকাশ্যে অনুপস্থিতি অব্যাহত থাকায় বৈঠকসংক্রান্ত বিবরণটি এসেছে বিচার বিভাগের প্রধানের বক্তব্যের মাধ্যমে। সূত্র: ওয়ানা নিউজ
ইরানের শাসনব্যবস্থা উৎখাত নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন সেনাপ্রধান
সৌদি আরবের ভাড়াটে যোদ্ধাদের ওপর হুথির ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যবর্তী নির্বাচনের প্রচারে মুসলিম প্রার্থীকে ‘জিহাদি’ বলে আক্রমণ ট্রাম্পের