তুরাগ নদে মিললো বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ এএম

নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বলেন, বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে।

উত্তরখান থানার এসআই অনুপম দাস বলেন, মরদেহ ভেসে ওঠার পর থানা পুলিশ সেখানে যায়। এলাকাটি আমাদের থানার শেষ সীমান্তে পড়েছে। বিষয়টি নৌ পুলিশের হওয়ায় তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমান বাহিনীর সাবেক ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। আমরা তার লাশ ভাসমান অবস্থায় পাই। তার কাছে একটি মোবাইল ফোন ছিল। সেটির মাধ্যমে আমরা তার পরিচয় শনাক্ত করি।

এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গত বছরের ৪ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরিকে প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে, অন্য প্রেক্ষাপটে ও কোনো অভিযোগ ছাড়াই অবসর দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত