জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তাঁর।
সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে।
সফরকালে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
জাপান সফরে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। জাপানি বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ যোগ দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন তিনি।
সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী। চার দিনের সফর শেষে আজ রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী