গৃহবন্দি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবর 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করেছে তার রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও)। শুক্রবার দলটি এ তথ্য জানিয়েছে। এর ফলে রাজকীয় ক্ষমার শর্ত পূরণ হওয়ায় নাজিবের বাকি কারাদণ্ড গৃহবন্দি অবস্থায় কাটানোর পথ তৈরি হয়েছে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন নাজিব। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা ১এমডিবি থেকে বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। তবে বরাবরই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

২০২৪ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা নাজিবের সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর অনুমতি দেন। তবে এর জন্য তাকে ৫০ কোটি রিঙ্গিত (প্রায় ১ কোটি ২৩ লাখ ডলার) জরিমানা পরিশোধ করতে হতো।

শুক্রবার ইউএমএনও জানায়, তহবিল সংগ্রহের মাধ্যমে ওই অর্থ জোগাড় করা হয়েছে এবং সকালে কুয়ালালামপুর হাইকোর্টে জরিমানার অর্থ জমা দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে নাজিবকে কবে তার বাড়িতে নেওয়া হবে, তা এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ১এমডিবি কেলেঙ্কারিতে প্রায় সাড়ে ৪০০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছিল। এর মধ্যে ১০০ কোটির বেশি ডলার নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা পড়েছিল বলে অভিযোগ রয়েছে। নাজিবের দাবি, আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত জটিল এই অর্থ আত্মসাতের ঘটনায় তাকে বলির পাঁঠা বানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত