সংকেত শনাক্ত করে হামলা চালাবে ইরানের ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম

শত্রুপক্ষের রাডার থেকে নির্গত সংকেত শনাক্ত করে সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম ইরানের ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র—এমন দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা আলী বিলালি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজকে তিনি বলেন, হরমুজ ক্ষেপণাস্ত্র রাডার থেকে নির্গত তরঙ্গ অনুসরণ করে রাডারব্যবস্থার অবস্থান শনাক্ত ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

বিলালি জানান, যুদ্ধক্ষেত্রের প্রয়োজন বিবেচনায় নিয়ে ইরানের বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্র তৈরি করছেন। তাঁর দাবি, হরমুজ ক্ষেপণাস্ত্রের বিশেষ সক্ষমতা হলো শত্রুপক্ষের রাডারব্যবস্থা শনাক্ত করে সেগুলোকে লক্ষ্য করে আঘাত হানা।

দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র উৎপাদনের দাবি

ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের স্বনির্ভরতার কথাও তুলে ধরেন বিলালি। তিনি বলেন, কঠিন ও তরল জ্বালানিচালিত রকেট তৈরির উপকরণসহ ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল ও সক্ষমতা দেশটির নিজস্ব রয়েছে।

তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন আর শুধু বিদেশি প্রযুক্তির অনুকরণ বা বিদ্যমান অস্ত্রের পুনরুৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং দেশটির বিশেষজ্ঞরা নতুন ধরনের অস্ত্রের নকশা তৈরি ও উৎপাদন করছেন।

তবে হরমুজ ক্ষেপণাস্ত্রের রাডার শনাক্তকরণ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা সম্পর্কে স্বাধীন কোনো কারিগরি যাচাই বা পরীক্ষার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ওয়াইএ
আরও পড়ুন