ইসরায়েলিদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মালদ্বীপ। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গাজায় যুদ্ধ চলা পর্যন্ত ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করে আইন করা হয়েছিল। তবে নতুন প্রস্তাবিত আইনে নিষেধাজ্ঞাটিকে স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন বিল অনুযায়ী, পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, ইসরায়েলি পাসপোর্টধারী কোনো ব্যক্তি মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না। এ নিষেধাজ্ঞার আওতায় অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপে প্রবেশের চেষ্টাও ঠেকানো হতে পারে। অর্থাৎ, দ্বৈত পাসপোর্টধারী ইসরায়েলিরাও দেশটিতে প্রবেশের সুযোগ হারাতে পারেন।

১ হাজার ১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ একটি ছোট মুসলিম প্রজাতন্ত্র। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দেশটি নির্জন সাদা বালুর সৈকত ও স্বচ্ছ নীল পানির অগভীর উপহ্রদের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়। গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলবিরোধী মনোভাব বাড়তে থাকায় ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে সতর্ক করেছিল ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেএম
আরও পড়ুন