ইসরায়েল থেকে ফোনে নজরদারির প্রযুক্তি কিনছে ভারত!

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

নিজেদের দেশীয় প্রযুক্তি ব্যবহারের নীতি এড়িয়ে ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের তৈরি ফোনে নজরদারির প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে ভারত সরকার। এতে দেশটির সরকারি সংস্থাগুলোর হাতে সাধারণ মানুষের ব্যক্তিগত ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের বিস্তৃত সক্ষমতা তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনে দেশীয় পণ্য কেনার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়ে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলব্রাইটের তৈরি ফোনের তথ্য উদ্ধারের প্রযুক্তি। ভারতের জাতীয় তদন্ত সংস্থা প্রায় ৫ কোটি রুপিতে প্রতিষ্ঠানটির একটি প্রযুক্তি তিন বছরের জন্য ব্যবহারের অনুমতি পেয়েছে।

এই প্রযুক্তির মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই ফোনের তথ্য সংগ্রহ, মুছে ফেলা ফাইল উদ্ধার এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টিন্ডারসহ শতাধিক অনলাইন সেবার তথ্য পাওয়ার সক্ষমতা রয়েছে। এমনকি অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত যন্ত্র থেকেও তথ্য সংগ্রহ করা সম্ভব।

ভারতের বিরোধী দলশাসিত কয়েকটি রাজ্যেও একই ধরনের প্রযুক্তি কেনা হয়েছে। তবে এসব প্রযুক্তির ব্যবহার নিয়ে স্বচ্ছতা ও যথাযথ আইনি নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন অধিকারকর্মীরা।

ডিজিটাল অধিকারবিষয়ক আইনজীবী বৃন্দা ভান্ডারি বলেন, ভারতের নজরদারির সক্ষমতা ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে। এতে নির্দিষ্ট ব্যক্তির বদলে অনেক মানুষের ওপর নজরদারি চালানো সহজ হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত