ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা গাদি আইজেনকোট দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরব সংখ্যালঘুদের লক্ষ্য করে ‘বর্ণবাদী’ প্রচার চালানোর অভিযোগ তুলেছেন। আরব দলগুলোর আইনপ্রণেতাদের হামাসের সঙ্গে জড়িয়ে তাঁদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন নেতানিয়াহু—এমন অভিযোগও করেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট বলেন, ইসরায়েলের আরব নাগরিকেরা দেশটির ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বিদায়ী প্রধানমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠরা রাজনৈতিক স্বার্থে তাঁদের বিরুদ্ধে বর্ণবাদী ও আক্রমণাত্মক প্রচার চালাচ্ছেন।
তিনি আরও বলেন, একটি পুরো জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা এবং সম্মিলিতভাবে তাদের হেয় করা নাগরিক দায়িত্ববোধের মৌলিক নীতির লঙ্ঘন। আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিরোধ থাকতে পারে, তাঁদের কারও কারও অবস্থানের তীব্র সমালোচনাও করা যেতে পারে। তবে পুরো একটি জনগোষ্ঠীকে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি আরব নাগরিক। দেশটির গত মাসের নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দুটি দল রা’আম ও জয়েন্ট লিস্ট মিলিয়ে ১৯টি আসন পেয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে তাদের এই অবস্থান সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আইজেনকোট সরকার গঠনের চেষ্টা করছেন, আর এ ক্ষেত্রে দল দুটি নির্ণায়ক ভূমিকা রাখতে পারে।
নেতানিয়াহু ও তাঁর মিত্ররা এর আগে একাধিকবার আরব দলগুলোর নেতাদের সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরও এসব দলের নেতারা হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন। হামলায় ইসরায়েলের আরব নাগরিকেরাও নিহত হন। তাঁরা ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর।
আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগও বারবার তুলেছেন নেতানিয়াহু। তবে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এক বক্তব্যে নেতানিয়াহু অভিযোগ করেন, আরব দলগুলোর দুটি জোট ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও রা’আমের নেতা মানসুর আব্বাস অতীতে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নেতানিয়াহুর আরও দাবি, দল দুটি ইসরায়েলে একটি ‘ইসলামি রাষ্ট্র’ অথবা ‘জাতীয়তাবাদী ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায়।
একই অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনের শপথ গ্রহণের সময় তাঁকে উদ্দেশ করে চিৎকার করেন। তিনি জাবারিনের বিরুদ্ধে হামাসের প্রতি আনুগত্য প্রকাশের অভিযোগ তোলেন।
গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরামর্শ শেষে আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। অধিকাংশ রাজনৈতিক দল তাঁকে সমর্থন জানায়। এর মধ্যে আরব দল দুটিও ছিল।
তবে আইজেনকোটের ডানপন্থী মিত্রদের একজন আভিগদর লিবারম্যান জানিয়েছেন, জোট সরকারে আরব নাগরিকদের প্রতিনিধিত্ব থাকলে তিনি সেই জোটের প্রতি সমর্থন প্রত্যাহার করবেন।
আইজেনকোট ২৮ দিনের মধ্যে সরকার গঠন করতে না পারলে আরও ১৪ দিন সময় চেয়ে নিতে পারবেন। এরপরও ব্যর্থ হলে সরকার গঠনের দায়িত্ব অন্য কোনো আইনপ্রণেতার হাতে যেতে পারে। সে ক্ষেত্রে নেতানিয়াহুর নামই সম্ভাব্য হিসেবে আলোচনায় রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
৩০ বছর পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২ যাত্রী