একক গবেষণায় বিসিএস সম্মেলনে জায়গা পেলেন শিক্ষার্থী আফিফা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ এএম

কোনো সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বদরুন্নেসা ক্যাম্পাসের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফিফা বুশরা।

গত শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে তাঁর গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনের জন্য গৃহীত হয়। সম্মেলনে গবেষণাটির অ্যাবস্ট্রাক্ট নম্বর ছিল ‘পিপি১৫৮’ (PP158)।

গবেষণার শিরোনাম ‘স্পেশাল ভ্যারিয়েশন অ্যান্ড হিউম্যান হেলথ রিস্ক অ্যাসেসমেন্ট অব হেভি মেটাল কনসেন্ট্রেশন ইন ড্রিংকিং ওয়াটার অ্যাক্রস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মিউনিসিপ্যাল জোনস অব বাংলাদেশ: আ সেকেন্ডারি ডেটা-ড্রিভেন স্টাডি’। এতে বাংলাদেশের শিল্পাঞ্চল ও পৌর এলাকার পানীয় জলে ভারী ধাতুর ঘনত্বের স্থানভেদে পার্থক্য এবং মানুষের স্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা হয়েছে।

পূর্বপ্রকাশিত বিভিন্ন গবেষণা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিচালিত এ গবেষণায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও খুলনা অঞ্চলের পানীয় জলে আর্সেনিক (As), সিসা (Pb), ক্রোমিয়াম (Cr), ক্যাডমিয়াম (Cd), আয়রন (Fe) ও ম্যাঙ্গানিজের (Mn) উপস্থিতি পর্যালোচনা করা হয়। সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিরূপণে ‘হ্যাজার্ড ইনডেক্স’ (HI) ও ‘এক্সেস লাইফটাইম ক্যানসার রিস্ক’ (ELCR) সূচক ব্যবহার করা হয়েছে।

গবেষণায় শিশুদের ক্ষেত্রে হ্যাজার্ড ইনডেক্সের মান ৩ দশমিক ৫৩ থেকে ২৩ দশমিক ৭৫ এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৬ দশমিক ০৩ থেকে ৭ দশমিক ৭৩ পাওয়া গেছে। গবেষণায় ব্যবহৃত নিরাপদ সীমা ১-এর তুলনায় এসব মান বেশি। এ ছাড়া শিল্পাঞ্চলগুলোতে কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি এবং খুলনা অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণের বিষয়টিও উঠে এসেছে।

সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি কমাতে শিল্পাঞ্চলের বর্জ্য নিঃসরণ নিয়ন্ত্রণে কঠোর বিধিমালা বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ভূগর্ভস্থ পানির পরিশোধনব্যবস্থা উন্নত করার সুপারিশ করেছেন গবেষক।

‘কেমিস্ট্রি ইনোভেশনস ফর ফিউচার চ্যালেঞ্জেস’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বিসিএসের এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

স্নাতক পর্যায়ে একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পাওয়া আফিফা বুশরার জন্য উল্লেখযোগ্য একাডেমিক অর্জন। তাঁর এ উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট সমস্যা নিয়ে কাজ করতে উৎসাহিত করতে পারে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত