গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের অবরোধের কারণে কোনাবাড়ী-কাশিমপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে দুই কারখানার শ্রমিকসহ বিপুলসংখ্যক শ্রমিক একত্র হয়ে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবরোধকারীদের সরাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত