গাজীপুরে শ্রমিক অসন্তোষ, বন্ধ ১৭ পোশাক কারখানা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান।

এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর প্রভাবে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ক্রমাগত শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুটি কারখানায় সোমবারের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত