বিভিন্ন ধরনের সামরিক অভিযানে ব্যবহারের জন্য কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে দেশের পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতা ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। পারমাণবিক উপাদান উৎপাদন এবং অস্ত্র গবেষণার কয়েকটি স্থাপনা পরিদর্শনের সময় কিম এসব কথা বলেন। তবে কোন কোন স্থাপনা তিনি পরিদর্শন করেছেন বা সেগুলোর অবস্থান কোথায়, তা জানায়নি সংবাদমাধ্যমটি।
কিম বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে এবং পরিবর্তিত পরিস্থিতি স্বীকার না করে কিছু দেশ যে পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বলছে, তাতে উত্তর কোরিয়ার অবস্থানের পরিবর্তন হবে না।
তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন বাস্তবতা। সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্র উৎপাদনে অর্জিত অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।
২০২৩ সালে সংবিধানে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে কিম বলেন, দেশটির এই মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করা হবে।
কৌশলগত পারমাণবিক অস্ত্রের বহুমুখী ব্যবহার বাড়ানোকে গুরুত্বপূর্ণ ও জরুরি কাজ হিসেবে উল্লেখ করেন কিম। তাঁর ভাষ্য, আধুনিক যুদ্ধে এসব অস্ত্রের সামরিক গুরুত্ব এবং সীমান্তে সবচেয়ে বিপজ্জনক শত্রুরাষ্ট্রের মুখোমুখি থাকার বাস্তবতা থেকেই এ প্রয়োজন তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে উত্তেজনা বাড়ার মধ্যেই কিমের এ বক্তব্য এল। গত ২১ সেপ্টেম্বর দুই দেশের মধ্যবর্তী কঠোর নিরাপত্তাবেষ্টিত অসামরিকীকৃত অঞ্চল বা ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিরোধ তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে দাবি করা হয়, উত্তর কোরিয়া এক বছরেরও বেশি সময় আগে ওই এলাকায় স্থলমাইন পুঁতে রেখেছিল। তদন্তের ফল প্রকাশের পর অক্টোবরে পিয়ংইয়ংয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় সিউল।
এর জবাবে উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে বিস্ফোরণের ঘটনাটি দক্ষিণ কোরিয়ার সাজানো বলে অভিযোগ করে। এর এক সপ্তাহেরও কম সময় পর দেশটি পূর্ব উপকূল থেকে জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
দক্ষিণ কোরিয়ার ধারণা, উত্তর কোরিয়ার হাতে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
সূত্র: আল-জাজিরা
সৌদি আরবের জিজান ও জেদ্দা বন্দরে হুথিদের হামলা
২৩ বছর ৭ মাসের মধ্যে ৯ বছর ৭ মাসই ছুটিতে, 'উপহার' ঢাকায় পদায়ন