ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জেদ্দা ও জিজান বন্দরে সামরিক হামলা চালানোর দাবি করেছে। ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতিক্রিয়ায় বুধবার (২৫ নভেম্বর) এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
বুধবার দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের সামরিক অভিযানের জবাব দিতেই তাদের বাহিনী জেদ্দা ও জিজান বন্দরে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। এসব হামলায় লক্ষ্যবস্তুতে আঘাত এবং স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে হুতিরা তাদের অবস্থানকে ‘বন্দরের বদলে বন্দর’ নীতি হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে হোদেইদা বন্দরে নতুন করে কোনো হামলা হলে দ্রুত পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
তবে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। রয়্যা নিউজ ও এএফপির প্রতিবেদনে হুতিদের হামলার দাবির কথা উঠে এলেও জেদ্দা বন্দরে সরাসরি আঘাতের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, জিজান বন্দরে হুতিদের ছোড়া একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক আহত হননি। জেদ্দা ইসলামিক বন্দরের কাছেও একটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে জোট।
এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে হামলা চালিয়ে সেখানকার সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা ধ্বংসের চেষ্টা করেছে। পাশাপাশি সাদা ও আমরান প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতেও অভিযান চালানোর কথা জানানো হয়।
হোদেইদা ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। দেশটির উত্তরাঞ্চলে খাদ্য, জ্বালানি, বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথগুলোর একটি এটি। ফলে বন্দরটিকে কেন্দ্র করে সামরিক সংঘাত বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা ও পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি আরও বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে হামলা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি ভূখণ্ডে সামরিক অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ‘অবরোধের বদলে অবরোধ’ এবং ‘উত্তেজনার বদলে উত্তেজনা’ নীতি অনুসরণের কথাও জানিয়েছেন তিনি।
এর আগে হোদেইদা বন্দরে হামলার আশঙ্কা প্রকাশ করে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল হুতিরা। বন্দরকর্মী, আশপাশের বাসিন্দা এবং জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। এতে বন্দর, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো নতুন করে সংঘাতের কেন্দ্রে চলে এসেছে। লোহিত সাগর অঞ্চলের বাণিজ্যিক নৌ চলাচল নিয়েও বাড়ছে উদ্বেগ।
সূত্র: প্রেস টিভি
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের অনুমতি পেলো মাস্কের ‘স্পেসএক্স’
অভিবাসননীতিতে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে ৬২২ মিলিয়ন ডলারের মার্কিন অনুমোদন