মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহতের পরিবারের দাবি, জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হলে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে যান তিনি। সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপিকর্মী রহিম মোল্লার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার গভীর রাত থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় শত শত ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময় হলে ইউনিয়নজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেএম
আরও পড়ুন