পাকিস্তান পেরিয়ে ভারতে গ্যাস নিতে চায় তুর্কমেনিস্তান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

মধ্য এশিয়ার গ্যাস দক্ষিণ এশিয়ার বাজারে পৌঁছে দিতে দীর্ঘদিনের উচ্চাভিলাষী পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে নতুন করে গতি আনছে তুর্কমেনিস্তান। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত পর্যন্ত গ্যাস পাইপলাইনের প্রথম অংশের নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়েছে দেশটি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের শুরুর দিকে এই পথে গ্যাস সরবরাহ শুরু হতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, তুর্কমেনিস্তানের সেরহেতাবাত সীমান্ত এলাকা থেকে আফগানিস্তানের হেরাত পর্যন্ত প্রায় ১৫৩ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির এই অংশে এখন পর্যন্ত প্রায় ১২৪ কিলোমিটার পাইপলাইন স্থাপন ও ওয়েল্ডিংয়ের কাজ শেষ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, এ পর্যায়ে ব্যয় হচ্ছে প্রায় ৬০ কোটি ডলার।

এটি বৃহত্তর তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (টিএপিআই) গ্যাস পাইপলাইন প্রকল্পের অংশ। প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দিয়ে বছরে সর্বোচ্চ ৩৩ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস পরিবহনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে আফগানিস্তান হয়ে পাকিস্তান এবং ভারতের বাজারে তুর্কমেন গ্যাস পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

প্রাথমিক পর্যায়ে আফগানিস্তান বছরে প্রায় ৫০ কোটি ঘনমিটার গ্যাস কেনার কথা রয়েছে। বাকি বড় অংশ পাকিস্তান ও ভারতের বাজারে সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। দুই দেশ সম্মিলিতভাবে বছরে প্রায় ৪৫ থেকে ৫০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আমদানি করে। ফলে সম্ভাব্য বাজার হিসেবে দেশ দুটির গুরুত্ব অনেক বেশি।

তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানির প্রকল্পসংশ্লিষ্ট প্রধান মুহাম্মেতমিরাত আমানভ রয়টার্সকে জানিয়েছেন, হেরাত পর্যন্ত পাইপলাইন নির্মাণ শেষ হলে প্রাথমিক পর্যায়েই আয় আসতে শুরু করবে। একই সঙ্গে বড় প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়নকারীদের আস্থা বাড়বে বলে আশা করছেন তারা।

তবে পুরো প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থের সংস্থান এখনো বড় প্রশ্ন। টিএপিআই প্রকল্পের মোট ব্যয় প্রায় ১০ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সম্ভাব্য অর্থায়নকারী হিসেবে আলোচনায় থাকলেও এখনো কোনো নিশ্চিত অর্থায়নের ঘোষণা আসেনি।

এশীয় উন্নয়ন ব্যাংক জানিয়েছে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে তাদের নিয়মিত সহায়তা স্থগিত রয়েছে। তবে টিএপিআই প্রকল্পের সঙ্গে যোগাযোগ বজায় আছে। ভবিষ্যতে অর্থায়নের সিদ্ধান্ত পরিস্থিতি পর্যালোচনা, যথাযথ যাচাই এবং ব্যাংকের অনুমোদন প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

তুর্কমেনিস্তানের জন্য এই পাইপলাইন শুধু একটি জ্বালানি পরিবহন প্রকল্প নয়, বরং রপ্তানি বাজার সম্প্রসারণের কৌশলও। দেশটির প্রাকৃতিক গ্যাস রপ্তানির বড় অংশ চীননির্ভর। নতুন এই রুট চালু হলে একক ক্রেতার ওপর নির্ভরতা কমিয়ে দক্ষিণ এশিয়ায় বড় বাজার তৈরির সুযোগ পাবে আশগাবাত।

তবে প্রকল্পটির সামনে রাজনৈতিক ও নিরাপত্তাগত জটিলতা রয়েছে। তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি না দেওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের অর্থায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা, পাকিস্তান-ভারত বৈরিতা এবং পাকিস্তানের বেলুচিস্তানে চলমান বিদ্রোহ পরিস্থিতি পাইপলাইনের পরবর্তী নির্মাণকাজকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

পাকিস্তান অবশ্য প্রকল্পটির প্রতি আগ্রহ বজায় রাখার কথা জানিয়েছে। দেশটিতে নিযুক্ত তুর্কমেনিস্তানের রাষ্ট্রদূত ফারিয়াল লেঘারি বলেছেন, ইসলামাবাদ টিএপিআই বাস্তবায়নে আগ্রহী। অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, হেরাত পর্যন্ত পাইপলাইন নির্মাণ শেষ হওয়া প্রকল্পটির জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও ভারত ও পাকিস্তান পর্যন্ত গ্যাস পৌঁছানো এখনো অনেক দূরের পথ। অর্থায়ন, আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতির ওপরই নির্ভর করবে দক্ষিণ এশিয়ার এই বৃহৎ জ্বালানি করিডরের ভবিষ্যৎ।

সূত্র: রয়টার্স। 

বিএইচবি
আরও পড়ুন