এআইয়ের ভয়ে ফেসবুক-ইনস্টাগ্রাম ছাড়ছেন শিল্পীরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে শিল্পকর্ম নকল ও ব্যবহারের আশঙ্কায় ইনস্টাগ্রাম ও ফেসবুক ছাড়ছেন অনেক শিল্পী। তাঁদের অভিযোগ, অনুমতি ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি, ভিডিও ও শিল্পকর্ম সংগ্রহ করে এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে। এতে শিল্পীদের সৃজনশীল কাজ নকল হওয়ার পাশাপাশি তাঁদের ব্যবসা ও জীবিকাও হুমকির মুখে পড়ছে।

যুক্তরাজ্যের জলরংশিল্পী ম্যাটি বার্নহাম জানান, ২০২৪ সালে তিনি পিন্টারেস্টে তাঁর আঁকা ছবির অনুকরণে তৈরি একটি ভুয়া অ্যাকাউন্ট খুঁজে পান। ওই অ্যাকাউন্টে তাঁর জলরঙের ছবিগুলোর এআই-তৈরি সংস্করণ প্রকাশ করা হচ্ছিল। পাশাপাশি শপিফাই, ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া প্রোফাইল খুলে সেগুলো বিক্রির জন্যও তালিকাভুক্ত করা হয়েছিল। বার্নহাম অ্যাকাউন্টটির অবস্থান ভিয়েতনামের হো চি মিন সিটিতে শনাক্ত করতে পারলেও এর পেছনে কারা ছিল, তা জানতে পারেননি।

এটি এআই দিয়ে তৈরি শিল্পকর্মের এমন একটি প্রবণতার অংশ, যা মূল শিল্পীদের কাজ ও ব্যবসার ওপর প্রভাব ফেলছে। বিশেষ করে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ ধরনের ঘটনা বেশি দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে শিল্পীরা কীভাবে এআইয়ের বিস্তারের সঙ্গে মানিয়ে নিচ্ছেন, তা জানতে এক ডজনের বেশি শিল্পীর সঙ্গে কথা বলেছে সিএনএন।

বার্নহামের অভিযোগ, এআই দিয়ে শিল্পকর্ম তৈরি করা ভুয়া অ্যাকাউন্টগুলো ফেসবুককে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। এসব অ্যাকাউন্টের লাখ লাখ অনুসারী থাকায় অনেকে সেগুলোকে প্রকৃত শিল্পীর প্রোফাইল মনে করেন। পরে অনুসারীদের বিভিন্ন ওয়েবসাইট, অনলাইন দোকান ও বিজ্ঞাপনের দিকে নিয়ে যাওয়া হয়।

মেটার নীতিমালা নিয়ে উদ্বেগ

মেটার প্রস্তাবিত সেবার শর্তাবলির পরিবর্তন শিল্পীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। কেউ কেউ ইনস্টাগ্রাম, ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা ভাবছেন। আবার কেউ পোস্ট করা বন্ধ করছেন, কেউবা প্যাট্রিয়ন ও সাবস্ট্যাকের মতো বিকল্প অনলাইন প্ল্যাটফর্মে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সোসাইটি অব ইলাস্ট্রেটর্সের পরিচালনা পর্ষদের সদস্য টিম ও’ব্রায়েনের মতে, শিল্পীদের কাজ ব্যবহারের ক্ষেত্রে তাঁদের সম্মতি, ন্যায্য পারিশ্রমিক এবং অনুমতি ছাড়া কাজ ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা থাকা উচিত।

তিনি বলেন, অনেক শিল্পীর কাছে এটি শুধু আইনি বিরোধের বিষয় নয়; বরং জীবিকা, সৃজনশীল কাজের মালিকানা, সম্মতি ও ন্যায্যতার প্রশ্ন।

মেটার প্রস্তাবিত নতুন শর্ত অনুযায়ী, স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে বাইরের ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহের সুযোগ থাকতে পারে। এতে ব্যবসায়িক অ্যাকাউন্টের মালিকদের অনুমতি ছাড়াই তাঁদের ব্যক্তিগত পোর্টফোলিও, অনলাইন দোকান এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের সঙ্গে যুক্ত ব্যবসায়িক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের আশঙ্কা তৈরি হয়েছে।

নতুন শর্তগুলো প্রথমে ৩০ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। পরে তারিখ পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়। তবে ৫ নভেম্বর মেটা জানায়, পরিবর্তনগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে মেটার মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এবং বিষয়টি সঠিকভাবে সমাধানের জন্য সময় নিতে পরিবর্তনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। এ সময় আগের শর্তাবলি কার্যকর থাকবে।

তবে নতুন নীতিমালা কার্যকর না হলেও প্রস্তাবিত পরিবর্তনের আশঙ্কায় ইতিমধ্যে অনেক শিল্পী মেটার প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনে অবস্থিত ডাচার ফটোগ্রাফির সহমালিক সামান্থা ওয়ালড্রন জানান, চলতি মাসের শুরুতে তিনি নিজের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ফেসবুক পেজ মুছে দিয়েছেন। ইনস্টাগ্রামের ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত অ্যাকাউন্টে পরিবর্তন করেছেন, অধিকাংশ পোস্ট সরিয়ে ফেলেছেন এবং প্রোফাইলে থাকা বাইরের ওয়েবসাইটের লিংকও মুছে দিয়েছেন।

ওয়ালড্রন বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা উদ্বেগের পর মেটার এই সিদ্ধান্তই ছিল শেষ ধাক্কা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকার চাপ থেকে মুক্তি পেয়ে তিনি স্বস্তি বোধ করছেন।

শিল্পীদের আশঙ্কা, নতুন শর্ত কার্যকর হলে তাঁদের অজান্তেই ছবি, শিল্পকর্মের ধরন ও অন্যান্য সৃজনশীল উপাদান সংগ্রহ করে জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে। পরে এসব মডেল মানুষের তৈরি শিল্পকর্মের অনুকরণ করতে বা সেগুলোর বিকল্প তৈরি করতে সক্ষম হবে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর শিল্পীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসাভিত্তিক সংগঠন কাউগার্ল আর্টিস্টস অব আমেরিকার প্রতিষ্ঠাতা মেগান উইমবার্লি তাঁর সব মেটা অ্যাকাউন্ট মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মতে, নতুন শর্তাবলি ব্যবহারকারীদের সঙ্গে মেটার আস্থার সম্পর্কের বড় ধরনের লঙ্ঘন।

উইমবার্লি মনে করেন, শুধু শিল্পী নন, যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি, ভিডিও ও অডিও প্রকাশ করেন, তাঁদের সবারই এআইয়ের মাধ্যমে এসব তথ্য সংগ্রহের ঝুঁকি নিয়ে সতর্ক হওয়া উচিত। তাঁর ভাষায়, মেটার সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখন আর কেবল মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম নয়; বরং এআই প্রশিক্ষণের জন্য বিনা মূল্যে তথ্য ব্যবহারের সুযোগ হয়ে উঠছে। এমনকি কোনো মা তাঁর সন্তানের ছবি পোস্ট করলেও তা এআই প্রশিক্ষণে ব্যবহারের ঝুঁকি থাকতে পারে।

প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্ল্যাকআউট’

মেটার নতুন শর্ত কার্যকর হওয়ার কথা ছিল ৩০ অক্টোবর। এর প্রতিবাদে কয়েকজন শিল্পী ওই দিন থেকে ৬ নভেম্বর পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রামে কোনো পোস্ট বা কনটেন্ট শেয়ার না করার সিদ্ধান্ত নেন। এ কর্মসূচিকে তাঁরা ‘মেটা ব্ল্যাকআউট’ নামে অভিহিত করেন।

উইমবার্লি জানান, তিনি ২২ অক্টোবর এই প্রচারাভিযান শুরু করেছিলেন। পরে তা আরও বিস্তৃত হয়।

যুক্তরাষ্ট্রের দ্য গিল্ড অব আর্টিস্টস অ্যান্ড আর্টিজানসের শিল্পী-সম্পর্কবিষয়ক পরিচালক নিকোল ম্যাকের মতে, এআই মডেল প্রশিক্ষণসংক্রান্ত নীতিমালার পরিবর্তনের আশঙ্কায় দেশটির অনেক শিল্পী মেটার প্ল্যাটফর্ম থেকে নিজেদের অ্যাকাউন্ট সরিয়ে নিচ্ছেন। অনেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিদায়বার্তাও প্রকাশ করেছেন।

তবে এসব প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়াও শিল্পীদের জন্য সহজ সিদ্ধান্ত নয়। কারণ, তাঁরা সেখানে নিজেদের কাজ তুলে ধরেন, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যবসার পরিচিতি বাড়ান। ফলে কাজের সুরক্ষা এবং জীবিকা বজায় রাখার মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁদের।

এআইয়ের নকল শিল্পকর্মের বিস্তার

এআই দিয়ে তৈরি নকল শিল্পকর্ম সৃজনশীল অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে বলে মনে করছেন শিল্পীরা। অনলাইনে তাঁদের কাজের অনুকরণ করে তৈরি কনটেন্ট ছড়িয়ে পড়ায় দর্শক ও ক্রেতাদের কাছে পৌঁছানোর কৌশলও বদলাতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টারের সমকালীন শিল্পী অ্যান্ড্রু স্কট জানান, গত সেপ্টেম্বরে তাঁর কাজ নকল করার অভিযোগে একটি এআই শিল্পকর্ম তৈরি করা অ্যাকাউন্টের মালিককে সরাসরি বার্তা পাঠিয়েছিলেন তিনি।

স্কটের দাবি, ওই ব্যক্তি স্বীকার করেছিলেন যে তাঁর মূল শিল্পকর্মকে ভিত্তি করে এআইয়ের সাহায্যে নতুন ভিডিও তৈরি করা হয়েছে। পরে সেগুলো ইনস্টাগ্রামে এমনভাবে প্রকাশ করা হয়, যেন ওই ব্যক্তি নিজেই শিল্পকর্মগুলো তৈরি করেছেন। স্কট জানান, ওই অ্যাকাউন্টের একটি এআই-নির্মিত ভিডিও ৫ কোটি বার দেখা হয়েছিল।

স্কটের মতে, এ ধরনের নকল তাঁর ব্যবসার ক্ষতি করতে পারে—এ কথা তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছিলেন। ওই ব্যক্তি পরে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা বন্ধ করলেও এআইয়ের সাহায্যে তাঁর কাজের অনুকরণ অব্যাহত রেখেছেন।

কানাডার সিরামিকশিল্পী ন্যান্সি চেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পণ্য তৈরির প্রক্রিয়া দেখিয়ে ভিডিও প্রকাশ করেন। তবে এসব ভিডিওও এআই প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে বলে তিনি উদ্বিগ্ন। সম্প্রতি মেটার প্ল্যাটফর্মে নিজের কাজের পরিপাটি ছবি প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন তিনি। যদিও এখনো প্ল্যাটফর্ম ছাড়ার সিদ্ধান্ত নেননি।

চেন বলেন, শিল্পীরা তাঁদের কাজ মানুষের সামনে তুলে ধরতে গিয়ে স্বচ্ছতা বজায় রাখবেন, নাকি সেই স্বচ্ছতাই তাঁদের বিরুদ্ধে ব্যবহার করা হবে—এ নিয়ে তিনি উদ্বিগ্ন। এআই খুব দ্রুত কাজ করতে পারে বলে একজন শিল্পীর পক্ষে এর সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন। এতে পণ্যের দাম কমানোর চাপও তৈরি হচ্ছে, যদিও তাঁর মতে, শিল্পীদের শ্রমের মূল্য এমনিতেই কম দেওয়া হয়।

শিল্পীদের অন্যতম উদ্বেগ হলো, এআই খুব অল্প সময়ে বিপুল পরিমাণ কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দিতে পারে। অথচ মানুষের তৈরি শিল্পকর্ম সম্পন্ন করতে অনেক সময় ও শ্রম লাগে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিল্পীদের অনুমতি ছাড়া তাঁদের কাজ দিয়ে এআই মডেল প্রশিক্ষণ এবং এ ক্ষেত্রে কপিরাইট আইনের প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা।

সুরক্ষার উপায় ও এআই শনাক্তের প্রযুক্তি

আমেরিকান ইনস্টিটিউট অব গ্রাফিক আর্টসের পরিচালনা পর্ষদের সদস্য এবং এআই নিয়ে কাজ করা আইজাইয়া স্টেইনফেল্ড মনে করেন, শিল্পীদের অধিকার রক্ষা এবং নতুন প্রযুক্তি গ্রহণ—দুটিকে পরস্পরবিরোধী হিসেবে দেখার প্রয়োজন নেই।

তাঁর মতে, শিল্পীরা তাঁদের কাজের কপিরাইট নিবন্ধন করতে পারেন, লঙ্ঘনের অভিযোগ তুলতে পারেন এবং অনুমতি ছাড়া প্রকাশিত কপি সরানোর আবেদন জানাতে পারেন। মেটার পক্ষ থেকেও বলা হয়েছে, এআইয়ের মাধ্যমে পরিচয় নকল বা শিল্পকর্মের অনুকরণ করা হলে নির্মাতারা প্রতিষ্ঠানের মেধাস্বত্ববিষয়ক রিপোর্টিং সেন্টারের মাধ্যমে অভিযোগ ও কনটেন্ট সরানোর আবেদন করতে পারবেন।

স্টেইনফেল্ড বলেন, মূল কাজের উৎস ও মালিকানা শনাক্ত করার ব্যবস্থা দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। এতে একদিকে শিল্পীদের কাজ অনুমতি ছাড়া ব্যবহার থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে, অন্যদিকে এআই ব্যবহার করে নতুন কিছু তৈরি করা ব্যক্তিদের অবদানও যথাযথভাবে স্বীকৃতি পাবে।

এদিকে গুগল চলতি মাসে ‘সিন্থআইডি ডিটেক্টর’ নামে একটি অনলাইন টুল সবার জন্য উন্মুক্ত করেছে। বিনা মূল্যের এই টুলে ছবি, ভিডিও বা অডিও ফাইল আপলোড করে পরীক্ষা করা যায়, সেগুলো গুগল ও এর অংশীদার প্রতিষ্ঠানগুলোর এআই দিয়ে তৈরি কি না। এসব অংশীদারের মধ্যে ওপেনএআই, এনভিডিয়া ও কাকাওয়ের নাম উল্লেখ করেছে গুগল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুগল জানিয়েছে, তাদের প্রযুক্তির মাধ্যমে ১৮ কোটির বেশি ছবি ও ভিডিওতে ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করা হয়েছে। প্রতিদিন এই প্রযুক্তি ব্যবহার করে ১০ লাখের বেশি যাচাইয়ের অনুরোধও আসে।

তবে শিল্পীদের অনেকে মনে করেন, এসব উদ্যোগ যথেষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ প্রকাশ করা উচিত কি না, তা নিয়ে তাঁদের দ্বিধা কাটছে না। কারণ, শিল্পীদের পেশায় নিজেদের কাজের পরিচিতি তৈরি করা এবং দর্শকের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বার্নহাম বলেন, শিল্পীদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে—এমন আস্থা তাঁর নেই। তাঁর অভিযোগ, যুক্তরাজ্য সরকার শিল্পীদের সুরক্ষার চেয়ে লাভজনক প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমান ব্যবস্থায় তৈরি জেনারেটিভ এআইয়ের ব্যবহার থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে—এটাই তাঁর প্রত্যাশা।

এ বিষয়ে সিএনএনের প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিভাগের এক মুখপাত্র বলেন, সৃজনশীল খাতের মানুষ, বিভিন্ন শিল্পসংগঠন ও এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার ব্যাপক আলোচনা করেছে। সৃজনশীল শিল্প এবং এআই খাত—উভয়ের জন্য উপযোগী সিদ্ধান্ত নিশ্চিত করতে সরকার সময় নিচ্ছে।

সূত্র: সিএনএন

ওয়াইএ
আরও পড়ুন