পুরস্কার পাচ্ছেন ২০ জন শ্রেষ্ঠ কর্মকর্তা

জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো ইউএনও সম্মেলন আয়োজন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সম্মেলনে দেশের ৫০৩ জন ইউএনওর অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে ২০ জন শ্রেষ্ঠ ইউএনওকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলনের নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’। উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা আরও শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সম্মেলনের দিন সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি দিনের কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশের আটজন বিভাগীয় কমিশনারও উপস্থিত থাকবেন। দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের সম্মেলন এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনের আলোচ্যসূচিতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নেবেন। তারা উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবাসংশ্লিষ্ট বিষয় নিয়ে ইউএনওদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।

উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেগুলোর কার্যকর সমাধানের উপায় নিয়ে কর্ম অধিবেশনগুলোতে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনার সুযোগ পাবেন নীতিনির্ধারকেরা। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের বিষয়টিও সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের মূল পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএনওদের সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হবে। ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শীর্ষক এ পর্বের শুরুতে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হবে। এরপর ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে দেশের ২০ জন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে তাদের এ সম্মাননা দেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বলেন, এ সম্মেলনটা মূলত ইউএনওদের সাথে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করবেন।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত