পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সীমান্ত দিয়ে ভারতের অনুপ্রবেশের সময় আট বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটকের পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানানো হয়।
হস্তান্তরকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের সদর হরেন বর্মন (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মন (২১), নব বর্মন (১৭), আখানগর ইউনিয়নের রিপন বর্মন (১৭), দেবগঞ্জ এলাকার শুশান্ত রায় (২২), গড়েয়া এলাকার আশিশ রায় (১৮) ও তেঁতুলিয়া উপজেলার রবিউ ইসলাম (৪৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে তেতুঁলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে মহানন্দা নদী পার হয়ে ভারতে অনুপ্রবেশ করে সাত বাংলাদেশি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের টহলদল তাদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়।
বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ওই সাত বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এদিকে, সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় সীমান্তে প্রবেশ করায় রবিউ ইসলাম নামে এক পাথর শ্রমিককে আটক করে বিএসএফ। বুধবার বিকেল ৩টায় পতাকা বৈঠকের পরে বাংলাদেশি পাথর শ্রমিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সোনারগাঁওয়ে বেড়াতে গিয়ে বাসচাপায় দুই বন্ধু নিহত
