অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে, এখনো পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। বর্তমানে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে।
রোববার (১৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটকের পর ঢাকার ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে। তবে সেই মামলায় এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম।
তিনি জানান, নুসরাত ফারিয়াকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ ব্যাপারে কাজ চলমান রয়েছে।
ভাটারা থানার মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে আসামি করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।
মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
বিমানবন্দরে আটক নায়িকা নুসরাত ফারিয়া
