আমিরাতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০২:৪১ এএম

মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাতে সংযুক্ত আরব আমিরাতে সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রোববার (১ মার্চ) রাত ১০ টায় দেশে থাকা সালেখের স্বজনরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নিহত সালেখ বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের মৃত সবর আলীর ছেলে। স্বজনদের দাবি, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, সালেখ উদ্দিন দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানি পরিবহনের গাড়ি চালাতেন। শনিবার তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। ওই দিন সন্ধ্যার সময় মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাতের মধ্যে ইরানের ছোঁড়া একটি ক্ষেপনাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ আরো কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা সালেখকে মৃত ঘোষণা করেন। 

এদিকে সালেখের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। 

দেশে থাকা সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম রোববার (১ মার্চ) রাত ১০টার দিকে মুঠোফোনে জানান, শনিবার থেকেই তারা সালেখের মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারছিলেন না। আজ দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা সালেখের ভাইয়েরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 কীভাবে তিনি মারা গেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘তারা শুনেছেন ইরানের ছোঁড়া ক্ষেপনাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে।’ সংযুক্ত আরব আমিরাতে থাকা স্বজনরা হাসপাতালে লাশ দেখতে গেছেন বলে জানিয়েছেন। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর  শাহজাহান আহমদ জানান, ‘সালেখের মৃত্যুর খবর তিনি শুনে দুপুরে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’

HN
আরও পড়ুন