সৌদিতে ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়লো

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম

সৌদি আরবে কর্মরত যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের (আকামা) মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আইনি অবস্থান বৈধ করার সময়সীমা বাড়িয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন সময়সীমা অনুযায়ী ২০২৬ সালের শেষ পর্যন্ত ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারবেন দেশটিতে অবস্থানরত প্রবাসীরা।

মঙ্গলবার (৩০ জুন) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসেরও বেশি সময় আগে শেষ হয়েছে, তাদের নিয়োগকর্তারা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো প্রকার আইনি জটিলতা ছাড়াই পারমিট নবায়ন বা বৈধতা সংশোধনের সুযোগ পাবেন। এছাড়া, কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাসের মধ্যে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তারাও এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন মেনে চলা নিশ্চিত করা এবং নিয়োগকর্তা ও কর্মী উভয় পক্ষের অধিকার সুরক্ষার লক্ষ্যেই এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের বৈধতা সংশোধন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মন্ত্রণালয়ের 'কিওয়া' (Qiwa) প্ল্যাটফর্মের পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকর্তার রেকর্ড থেকে অপসারণ করা শুরু হবে। তবে নাম অপসারণ করা হলেও বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তাকে নিয়োগ দেওয়ার সময়ে সৃষ্ট সব আর্থিক দায় ও বকেয়া ফি নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

তাই আইনি জটিলতা ও আর্থিক জরিমানা এড়াতে দ্রুত বকেয়া ফি পরিশোধ, ওয়ার্ক পারমিট নবায়ন অথবা প্রয়োজনে কর্মীর সেবা স্থানান্তরের (কফালা) প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

SN
আরও পড়ুন