সৌদি আরবে অবস্থানরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা রেসিডেন্সি পারমিট (আকামা) ইস্যু ও নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে নিয়োগকর্তারা নূন্যতম তিন মাস মেয়াদে গৃহকর্মীদের আকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এ নতুন সেবা চালু করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ওকাজ-এর প্রতিবেদন অনুযায়ী, নিয়োগকর্তারা এখন থেকে ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ কিংবা ২৪ মাসের যেকোনো মেয়াদে আকামা নবায়নের সুযোগ পাবেন। ‘আবশের’ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই এই সেবা পাওয়া যাবে।
পূর্বে গৃহকর্মীদের রেসিডেন্সি নবায়নের ক্ষেত্রে সর্বনিম্ন এক বা দুই বছরের বাধ্যবাধকতা ছিল। নতুন এই ব্যবস্থার ফলে নিয়োগকর্তারা তাদের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে ফি পরিশোধ করতে পারবেন, যা দীর্ঘমেয়াদি আর্থিক চাপ কমাবে। সৌদি কর্তৃপক্ষের মতে, সরকারি প্রক্রিয়া সহজীকরণ এবং রেসিডেন্সি সেবা আধুনিকায়নের চলমান ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদিতে ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়লো