সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ই-পাসপোর্ট সেবাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড়ের পাশাপাশি শৃঙ্খলাজনিত সমস্যাও তৈরি হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর ই-পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। বায়োমেট্রিক দেওয়ার আগে দূতাবাসের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
এজন্য দূতাবাস আবেদনকারীদের নির্ধারিত অনলাইন লিংকের (https://passportriyadh.com/appointment) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের অনুরোধ জানিয়েছে।
তবে যেসব প্রবাসীর ই-পাসপোর্টের আবেদন ইতোমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময়সহ গ্রহণ করা হয়েছে, তাঁরা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে সেবা নিতে পারবেন।
অতিরিক্ত ভিড় এড়িয়ে সুশৃঙ্খলভাবে ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে প্রবাসীদের নির্ধারিত নিয়ম মেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার আহ্বান জানিয়েছে দূতাবাস।
রাজধানীতে বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫