মালয়েশিয়ায় বিস্ফোরণে বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক (৩০) নিহত হয়েছেন। 

বিস্ফোরণে শরীর সম্পূর্ণ ঝলসে যাওয়ায় ঘটনাস্থলেই অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যম 'দ্য স্টার'-এর প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১১ জুলাই) সকাল ৮টার দিকে কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

তবে নিহত বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল ৮টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।

খবর পাওয়ার পর কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে দমকল বাহিনীর একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা কারখানার ভেতর থেকে ওই বাংলাদেশির মরদেহ উদ্ধার করে। 

পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ইতোমধ্যেই এই ভয়াবহ বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। কারখানাটিতে নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য স্টার (মালয়েশিয়া)