পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাল থেকে ৩ দিনের নতুন কর্মসূচি

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী সারা দেশের সব সরকারি দপ্তরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এছাড়া চলমান গণকর্মবিরতিও অব্যাহত থাকবে; যা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হচ্ছে।

সমাবেশে আন্দোলনকারী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত সাত বছর ধরে নবম পে-স্কেলের অপেক্ষা করছেন কর্মচারীরা। গত ২১ জানুয়ারি কমিশনের প্রতিবেদন জমা হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। উল্টো নতুন কমিটি গঠনের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, সম্প্রতি জ্বালানি উপদেষ্টার একটি মন্তব্য কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে অঙ্গীকার করেন তারা। ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও দেড় মাস পেরিয়ে যাওয়ায় সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছেছে।