রাজধানী ঢাকায় আজ সোমবার (১২ অক্টোবর) বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তরের একাধিক কর্মসূচি রয়েছে। নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, এলপিজির বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি আয়োজন রয়েছে দিনজুড়ে।
নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্য, ওষুধ, এলপিজি সিলিন্ডার ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এতে প্রধান বক্তা থাকবেন ক্যাবের সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া। এ ছাড়া বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
এলপিজির বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন
দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশে এলপিজির মূল্যবৃদ্ধি, ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং সংগঠনটির বিভিন্ন দাবি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি মো. সেলিম খান। দেশের বিভিন্ন অঞ্চলের এলপিজি ব্যবসায়ীরাও এতে অংশ নেবেন।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন
দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের তৃতীয় তলার সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কর্মসূচির প্রথম ধাপে আজ ১২ অক্টোবর থেকে সারা দেশে একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
ঢাকা-১৫ আসনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
বিকেল পৌনে ৩টায় রাজধানীর মিরপুর-১৩-এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
রাতে ঘুম না আসার সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান
রাজধানীর আকাশ কেমন থাকবে জানালো আবহাওয়া অফিস