ধানমণ্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, জরিমানা

রাজধানীর ধানমণ্ডি, মিরপুর রোড ও হাতিরপুল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে।

শনিবার (২০ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১-এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ধানমণ্ডি-মিরপুর সড়ক ও সায়েন্স ল্যাবরেটরি এলাকার বিপরীতে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হাতিরপুল কাঁচাবাজার ও আশপাশের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

মোট ২৪টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএসসিসি জানিয়েছে, নাগরিক সচেতনতা বৃদ্ধি, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালিত হয়। কর্মকর্তারা জানান, নগরীর শৃঙ্খলা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।