মিরপুরে রাস্তায় অবস্থান নিয়েছেন শ্রমিকরা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে রাজধানীর মিরপুরে কারখানা ছেড়ে বাইরে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে তার তাদের নিজ কারখানার সামনে অবস্থান নেন। তৃতীয় দিনের মতো তারা যেকোনো সময় বিক্ষোভ করতে রাস্তায় নামতে পারেন। এদিকে বিশৃঙ্খলা রোধে পুলিশও শক্ত অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় দেখা যায় এ চিত্র।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইউসুফ আহমেদ জানান, মিরপুর-১১ থেকে ১০-এর দিকে কয়েকটি কারখানার নারী ও পুরুষ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ গলির রাস্তায় জোট বেঁধে থাকতে দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে, তারা যেকোনো সময় রাস্তায় নামতে পারেন।’

এদিকে পুলিশও কঠোর অবস্থান নিয়ে আছে। যেকোনো বিশৃঙ্খলা তারা কঠোরভাবে দমন করবেন বলেও জানান তারা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘মিরপুর-১০ এখন স্বাভাবিক রয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।’ 

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছেন। তবে গত রোববার থেকে আন্দোলন সহিংস রুপ ধারণ করে। এদিন তারা পুলিশের গাড়িতে আগুন দেয়। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। সোমবারও রাস্তায় নামার চেষ্টা করেন তারা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা নামতে পারেনি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত