তাজিয়া মিছিল

দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আজ শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিছিলের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। আজ শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা) এই নির্দেশনা কার্যকর থাকবে। তীব্র যানজট এড়াতে এই সময়ে নগরবাসী ও মোটরযান চালকদের নির্ধারিত রুটগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পুলিশের ট্রাফিক লালবাগ বিভাগ জানিয়েছে, সকাল ১০টায় পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে মূল তাজিয়া মিছিলটি বের হবে। মিছিলটি হোসাইনী দালান রোড, বকশী বাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশী বাজার (কল পাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ-শহিদ মাজার মোড় এবং এতিমখানা মোড় হয়ে আজিমপুর চৌরাস্তা মোড়ে পৌঁছাবে।

এরপর মিছিলটি ইডেন কলেজ ও নিউমার্কেট মোড় হয়ে মিরপুর রোড দিয়ে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব মোড় অতিক্রম করবে। পরবর্তীতে ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড, বিজিবি ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি সমাপ্ত হবে। এই দীর্ঘ রুটে দুপুর আড়াইটা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।

এর আগে গত রাত থেকেও তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বেশ কিছু সড়কে বিশেষ ট্রাফিক ডাইভারশন দেওয়া হয়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত হোসাইনী দালান ইমামবাড়া, চাঁনখারপুল, নিমতলী ক্রসিং, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক-সার্কুলার রোড, চকবাজার মডেল থানা মোড় এবং শাহী মসজিদ মোড়সহ সংলগ্ন এলাকার সড়কগুলোতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আজ জুমার দিন হওয়ায় এবং দুপুরের দিকে মিছিলের রুটগুলো ব্যস্ত থাকায় সাধারণ মানুষকে ভোগান্তি এড়াতে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে বিকল্প পথে যাতায়াতের আহ্বান জানানো হয়েছে।