রাজধানীর আগারগাঁও ৬০ ফিট এলাকায় একটি রেস্তোরাঁয় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৮ জুলাই) রাতে এ আগুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ৬০ ফিট রাস্তার পাশে অবস্থিত 'কলাপাতা রেস্টুরেন্ট'-এর পেছনের অংশে হঠাৎ বিকট শব্দে গ্যাস বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা রেস্তোরাঁসহ পাশের একটি ভবনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তাদের টানা আধা ঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টা ২০ মিনিটে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।