ঢাকা দিবস আয়োজনে ব্যাংকগুলোর সহায়তা চাইল ডিএসসিসি

ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচির আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠানের ব্যয় মেটাতে দেশের বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর কাছে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সরশিপ চাওয়া হয়েছে।

ডিএসসিসি সূত্র জানায়, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা ও নগর ব্র্যান্ডিংকে তুলে ধরতে এই মেগা আয়োজন করা হচ্ছে। এ জন্য ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।

জানা গেছে, ১৩ জুলাই তারিখের একটি চিঠির মাধ্যমে ‘ঢাকা ডে ২০২৬’ আয়োজনের পৃষ্ঠপোষকতার আহ্বান জানায় ডিএসসিসি। তবে চিঠিতে নির্দিষ্ট কোনো অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি। পরে ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠান অনুযায়ী ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত সহায়তার প্রস্তাব দেওয়া হয়।

তবে কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের বক্তব্য, ব্যাংকের অর্থ আমানতকারী ও শেয়ারহোল্ডারদের সম্পদ। তাই কোনো খাতে অর্থ ব্যয়ের আগে পরিচালনা পর্ষদের অনুমোদন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও সিএসআর নীতিমালা অনুসরণ করতে হয়।

তারা বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানের অনুরোধ এলেই ব্যাংকের পক্ষে অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব নয়। সিটি করপোরেশনের নিজস্ব বাজেট, উন্নয়ন প্রকল্প ও রাজস্ব আয়ের উৎস রয়েছে। কোনো উৎসব আয়োজনের ব্যয় সেখান থেকেই হওয়া উচিত।

এর আগে ১৩ জুলাই নগর ভবনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, এটি শুধু একটি উৎসব নয়, বরং ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও পরিচ্ছন্ন-সবুজ নগর গড়ার দীর্ঘমেয়াদি উদ্যোগ।

কর্মসূচির অংশ হিসেবে ৩১ জুলাই ভোরে অনুষ্ঠিত হবে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’। একই দিন বিকেলে হাতি, ঘোড়ার গাড়ি ও পালকিসহ ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে হবে ‘ঢাকা শোভাযাত্রা’।

১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে সকালে আয়োজন করা হবে ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’। বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের উদ্বোধন হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া ২ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, ‘ঢাকা আড্ডা’ ও কাওয়ালীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ৩ আগস্ট বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

সপ্তাহব্যাপী আয়োজনে ১ থেকে ৭ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী, বাংলাদেশ টেলিভিশনে বিশেষ নাটক ও অনুষ্ঠান প্রচার, শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক, আর্ট ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি রাজধানীর বিপণিবিতানে ‘দি গ্রেট ঢাকা সেল’ এবং সদরঘাট থেকে ঐতিহ্যবাহী নৌযানে ‘হেরিটেজ ক্রুজ’ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

ডিএসসিসি প্রশাসক জানান, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়। পরে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক নগর প্রশাসনের পথচলা শুরু হয়। সেই ধারাবাহিকতায় ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, দেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী ঢাকা। এই ঐতিহ্য ধরে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ডিএসসিসির লক্ষ্য।

প্রতিকূল আবহাওয়ার বিষয়ে তিনি জানান, পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই আয়োজন অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়ার অবনতি হলে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।