ঢাকায় যাত্রা শুরু করলো ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ ও ‘ডেল্টা ফেস্টিভ্যাল’

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম

বাংলাদেশের স্থাপত্যশিল্পে উদ্ভাবনী, টেকসই ও জলবায়ু-সহনশীল নকশার উৎকর্ষকে স্বীকৃতি দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ এবং ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

বিশিষ্ট স্থপতি জালাল আহমেদের প্রতিষ্ঠান ‘আর্কিকানেক্ট’ এবং ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল)’ যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। স্থাপত্য খাতের দীর্ঘতম আন্তর্জাতিক আয়োজন ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এই উৎসবের হোস্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

আয়োজকরা জানান, এই পুরস্কারের মাধ্যমে দেশের উল্লেখযোগ্য স্থাপত্য প্রকল্প, উদীয়মান প্রতিভা, একাডেমিক অবদান ও সামাজিক প্রভাবকে মূল্যায়ন করা হবে। মোট ছয়টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে, যার মধ্যে রয়েছে সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স, কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট, লাইফটাইম অ্যাচিভমেন্ট, আর্কিটেক্ট অব দ্য ইয়ার, ইমার্জিং আর্কিটেক্ট এবং আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড। পুরস্কারের জন্য অনলাইনে ১৬ জুলাই থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। আবেদনকৃত প্রকল্পগুলো মূল্যায়নের জন্য স্থপতি নিকলাউস গ্রাবার, সাইফ-উল-হক, অধ্যাপক মো. রফিক আজম, অধ্যাপক ফিরদৌস আজিম এবং মো. এহসান খানের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের জুরি বোর্ড গঠন করা হয়েছে।

পুরস্কারের প্রথম সংস্করণের সমাপনী পর্ব উদযাপিত হবে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে। তিন দিনব্যাপী এই উৎসবে পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের কিউরেটেড প্রদর্শনী, সেমিনার, মাস্টারক্লাস ও নেটওয়ার্কিং কার্যক্রমের আয়োজন থাকবে। ১২ নভেম্বর উদ্বোধনী দিনে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে। বিজয়ী ও সংক্ষিপ্ত তালিকাভুক্ত স্থপতিরা প্রাইজমানি, ট্রফি ও সনদের পাশাপাশি বৈশ্বিক প্রকাশনা ও পেশাগত যোগাযোগের বিশেষ সুযোগ পাবেন। এই উদ্যোগ দেশের নির্মাণ খাতের সবুজ রূপান্তরে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকেরা।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত