রাজধানীর গুলশানে গভীর রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম তাঁদের আটক করে পুলিশে দেন।
আবদুর রহিম জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল।
যুবকদের পরিচয় জানতে চাইলে তাঁদের চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে বাকি তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।
আবদুর রহিমের ভাষ্য অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। তখন তাঁরা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তাঁরা দুঃখ প্রকাশও করেন।
পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।
তবে কোন আইনে বা কী অভিযোগে মামলা করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।