ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম

ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যের মাথায় গুলি করা হয়েছে। গুরুতর আহত ২৬ বছর বয়সী ওই সেনাসদস্য সৌরভ তোমার মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

বুধবার (১১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দীপাবলির রাতে সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় স্থানীয় দুই ব্যক্তি ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ধীরাজ দেশি পিস্তল বের করে গুলি চালান। একটি গুলি প্রথমে দেয়ালে আঘাত করে, পরে সৌরভের কানের ঠিক পেছনে মাথায় লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় ধীরাজের ভাই লাঠি দিয়ে বিনীতের ওপর হামলা চালান। পাল্টাপাল্টি সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পালিয়ে যান।

স্থানীয়দের দাবি, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল। তবে প্রায় দুই মাস আগে তাঁদের মধ্যে একবার ছোটখাটো বিরোধের ঘটনা ঘটে।

২৬ বছর বয়সী সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত। এটি ভারতীয় সেনাবাহিনীর একটি ঐতিহ্যবাহী অশ্বারোহী রেজিমেন্ট, যার সদস্যরা রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন সৌরভ।

গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে সৌরভকে বারৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে মিরাট মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে নেওয়া হয় মিরাটের একটি বেসরকারি হাসপাতালে।

সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে ঘটনার খবর দেন। পরে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

এমএজেড
আরও পড়ুন