বায়ুদূষণে বিশ্বের তৃতীয় অবস্থানে ঢাকা

বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও ওপরের দিকে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (১৬ নভেম্বর) শহরটির বায়ুমান সূচক (একিউআই) ২০৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, সোমবার বিশ্বের ১২৬টি শহরের মধ্যে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।

তালিকায় ৩০৬ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার স্কোর ২৫৫। চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, স্কোর ১৮৮। পঞ্চম স্থানে থাকা ইরানের তেহরানের স্কোর ১৮৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদ্‌রোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। সংস্থাটির হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।