রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত ‘স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি’র কার্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন— হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তারা দুজনই ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী হিসেবে কর্মরত।
যেভাবে ঘটেছিল হামলা
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চার দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে।
আহতদের পরিচয়
গুলিবিদ্ধ হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। অন্যদিকে, সাজু আহমেদের বাবার নাম মো: ইউসুফ এবং তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রের বক্তব্য
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াবদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন টিম উপস্থিত হয়ে কাজ শুরু করেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।