রাতে রাজধানীজুড়ে নাশকতা : ৩ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা এলাকায় পর পর তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণ এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও এমন আকস্মিক নাশকতায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টা থেকে ১০টার মধ্যে পল্লবী, মহাখালী ও বাড্ডা হোসেন মার্কেট এলাকায় বাসগুলোতে আগুন দেওয়া হয়। পল্লবীর মিরপুর-১২ সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পল্লবী থানা পুলিশ। একই সময়ে মহাখালীর আমতলী এবং বাড্ডা এলাকায় আরও দুটি বাসে আগুন দেওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

বাস পোড়ানোর পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, শ্যামলী, বসুন্ধরা ও আদাবর এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। বনানীর একটি পুলিশ ফাঁড়িতে পেট্রলবোমা নিক্ষেপের মতো গুরুতর ঘটনাও ঘটেছে।

মোহাম্মদপুর ও বসিলা এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। তবে এসব বিচ্ছিন্ন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে নাশকতামূলক কার্যক্রমে অর্থায়ন ও রাষ্ট্রবিরোধী মিছিলের অভিযোগে লালবাগ থেকে মোস্তফা আহমেদ জুয়েল নামের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রাজধানীতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।