হয়রানি বন্ধের দাবিতে টঙ্গীর ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়ীদের হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এরশাদনগর বড়বাজারের ব্যবসায়ীরা। এ সময় কথিত সোর্স ঢুলী আনোয়ারের বিরুদ্ধে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবিকে ভুল তথ্য দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ তোলেন বক্তারা। একই সঙ্গে সন্ত্রাসী কামু ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের ১ নম্বর ব্লকের বড়বাজারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টঙ্গী অঞ্চলের সন্ত্রাসী কামু বাহিনীর সদস্য হিসেবে পরিচিত কথিত সোর্স ঢুলী আনোয়ার দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ, ডিবি ও এসআরবির কাছে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করে আসছেন। পরিকল্পিতভাবে ভুল তথ্য সরবরাহ করে ব্যবসায়ীদের বিভিন্নভাবে বিপদে ফেলার চেষ্টা করছেন তিনি।

বক্তারা আরও অভিযোগ করেন, এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে কয়েকটি বন্ধ দোকানের তালা ভেঙে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে তাঁদের দাবি। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে এগিয়ে এসে অভিযান পরিচালনাকারীদের অবরুদ্ধ করেন। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে নিয়ে যায় বলে জানান বক্তারা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী কামু ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত। তাঁদের এসব কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রধান, সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপন, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক এ কে আবুল কালাম বাবু এবং ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু।