রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, ৫৫০ জন গ্রেপ্তার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এদিকে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীর সাতটি স্থানে ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। এ ছাড়া ভোলা, পিরোজপুর, গাজীপুর ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার রাতে রাজধানীর সচিবালয় মেট্রো স্টেশনের নিচে, আগারগাঁও, সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের ফটক, ওয়ারী, হাতিরপুল, মিরপুর-১০ ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন অটোরিকশাচালক আহত হন। হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সাভার ও আশুলিয়ায় শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার দুপুরে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর শনিবার ভোরে পৃথক তিনটি স্থানে আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় শনিবার ভোরে ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় চলন্ত মেঘলা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার দিবাগত রাতে উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লার বাড়িতে শনিবার সকালে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় তাঁর বাড়িতে এ হামলা চালানো হয়।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাড়িতে শুক্রবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে শুক্রবার গভীর রাতে আগুন দেওয়া হয়। পিরোজপুরের নাজিরপুরেও গভীর রাতে দুটি দোকানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পেট্রোলবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। মানিকগঞ্জের সিংগাইরে শুক্রবার বিকেলে এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ। খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি বিবেচনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মা সেতুর পরিবর্তে বিকল্প পথে বাস চলাচলের সিদ্ধান্ত বহাল থাকতে পারে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

শনিবার বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে যশোর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দিন দুপুরে নেত্রকোনা জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

টাঙ্গাইলের মির্জাপুরে পৌর বিএনপির উদ্যোগে মোটরসাইকেলসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিকেলে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের পাশে সমু মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।