মা কারাগারে বন্দি। অসুস্থতা, চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য। মৃত্যুর আগে মায়ের সঙ্গে একবার দেখা করার প্রবল ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।
তূর্যের মা শারমিন সুলতানা বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি। ছেলের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত না আসায় অনিশ্চয়তায় রয়েছে পরিবার।
বর্তমানে তূর্যের মরদেহ আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। মাকে প্যারোলে মুক্তি দেওয়া না হলে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বজনেরা। এদিকে সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের কার্যক্রম নিয়ে বিভ্রান্তিতে পড়েছে পরিবার।
এর আগে গত ৬ অক্টোবর কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে কারাগারে থাকা মায়ের অনুপস্থিতিতে তূর্যের অসহায় অবস্থার চিত্র তুলে ধরা হয়েছিল। অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন এই শিশুর ওষুধপত্রের সংকট, চিকিৎসা এবং বাকি থাকা একটি অস্ত্রোপচার নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল পরিবার। একই সঙ্গে অসুস্থ বড় ভাইয়ের দেখভালের দায়িত্ব ছোট বোন তূর্নির ওপর এসে পড়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত। তবে অসুস্থ শিশুটির চিকিৎসা ও সার্বিক পরিচর্যা নিয়ে পরিবারের সদস্যদের উদ্বেগ ছিল।
যেভাবে কারাগারে গেলেন মা
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আটকের আগে নিজ বাসায় কয়েক দিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন সুলতানা ও তার আইনজীবী। শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি রাজনৈতিক বিরোধে রূপ নেয় বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দায়িত্বের কথা তুলে ধরে শারমিন সুলতানার কান্নাজড়িত আকুতি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। শেষ পর্যন্ত মায়ের সঙ্গে দেখা হওয়ার আগেই সন্তানের মৃত্যু সেই আলোচনাকে আরও বেদনাবিধুর করে তুলেছে।
তূর্যের মৃত্যুর পর আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিক বিবেচনায়ও প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে অসুস্থ সন্তানের সঙ্গে মায়ের শেষবারের মতো দেখা করার সুযোগ এবং প্যারোলে মুক্তির আবেদন নিষ্পত্তি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
আপাতত বাড়ছে না সয়াবিন তেলের দাম