ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ৭ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১২টার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৫৪ যাত্রী নিয়ে দুপুর ১টায় বেনাপোল থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি নেয় বেনাপোল এক্সপ্রেস। ট্রেনে কমলাপুরগামী যাত্রী ছিলেন ৪৯ জন। ট্রেন ঢাকায় পৌঁছানোর কথা রাত ৯টার দিকে। এর মধ্যে রাজধানীর গোপীবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। এতে ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। যাত্রীদের মধ্যে চারজন পুড়ে মারা গেছেন। দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে।