তেজগাঁওয়ে ট্রেনে আগুন, নিহত ৪

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ এএম

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে ট্রেনটিতে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ভোর ৫টা ৪ মিনিটে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এদিকে, ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল সোয়া ৭টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, পুড়ে যাওয়া ট্রেনটিকে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে আনা হচ্ছে। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে চারজনের মরদেহ ঢামেক হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। 

তিনি বলেন, মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। 

এর আগে, গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরে বনখড়িয়ার চিলাই ব্রিজ এলাকায় রেললাইন কেটে রাখায় এই ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

আরও পড়ুন