বেনাপোল এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, ৪ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:৫৮ এএম

রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে পোড়া একটি বগি থেকে ৪ জনের মরেদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। আগুনে ট্রেনের চ, ছ বগি ছাড়াও পাওয়ার কার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ইঞ্জিনকারসহ বেশ কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। 

পরে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, ট্রেনের একটি কামরা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিভিন্ন বাহিনীর গোয়েন্দারা ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছেন বলেও জানান তিনি।

ট্রেনটি দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি করে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ পরিচালিত এটি বিলাসবহুল ও অত্যাধুনিক­ একটি ট্রেন।

আরও পড়ুন