সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৪

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকারের চালক ও তিন যাত্রীসহ মোট চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।