পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শরিফুল ইসলাম ফকির। কর্মস্থলে কঠোর পরিশ্রম করে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কাজ করার সময় মাটিচাপা পড়ে প্রাণ হারিয়েছেন এই প্রবাসী যুবক।
নিহত শরিফুল ইসলাম ফকির টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মধ্যেপাড়া এলাকার মো. নজরুল ইসলাম ফকিরের ছেলে। প্রতিদিনের মতো সোমবারও তিনি কর্মস্থলে কাজে যোগ দেন। কাজের একপর্যায়ে হঠাৎ মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
স্বজনেরা জানান, মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগেও শরিফুলের সঙ্গে তাঁদের কথা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে বিয়ে করবেন। নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। ডিসেম্বরে বিয়ের পরিবর্তে তাঁর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় এখন পরিবার।
শরিফুলের পরিবারেও রয়েছে নানা সংকট। তার মেজো ভাই মাত্র সাত বছর বয়সে মারা যান। বড় ভাই প্রতিবন্ধী। ফলে পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শরিফুল। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় প্রবাসে গিয়ে কাজ করছিলেন তিনি।
ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা মো. নজরুল ইসলাম ফকির। এক সন্তানকে ছোটবেলায় হারানোর পর এবার কর্মক্ষম আরেক সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারটি।
শরিফুলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বর্ণি ইউনিয়নের মধ্যেপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রিয় মানুষটির আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।
শরিফুলের স্বপ্ন ছিল প্রবাসে পরিশ্রম করে একদিন দেশে ফিরে বিয়ে করে নতুন সংসার শুরু করবেন। কিন্তু কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনায় সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। তার মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।