দিনাজপুরের চিরিরবন্দরে একটি বসতঘর থেকে মা ও তার দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম স্বর্ণা আক্তার (২৪)। আর তার দুই সন্তান হলো চার বছরের সাফায়েত হোসেন এবং এক বছরের রাইফা মনি।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। স্বর্ণার স্বামী শাকিল হোসেন পেশায় একজন ইজিবাইকচালক।
স্থানীয়রা জানান, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পারিবারিক অশান্তি, প্রতিদিনের ঝগড়া ও মারামারি লেগেই থাকত। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে শাকিল বাজারে চলে যান।
বিকেলের দিকে স্বর্ণা দুই সন্তানকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে তাদের নিথর দেহ দেখতে পান।
মৃত্যুর আগে স্বর্ণা ঘরের দেয়ালে আবেগঘন বার্তা লিখে যান। সেখানে লেখা ছিল— "আজ থেকে এই গল্প শেষ। আমি অভাগী মা, সন্তানদের আমি নিজে মারছি..."।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী শাকিল হোসেনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটির বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।