মাদকবিরোধী অভিযানে ইশরাকের উদ্যোগ প্রশংসনীয়: রাশেদ খান

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ এএম

মাদকবিরোধী অভিযানে আত্মরক্ষায় পিস্তল উঁচিয়ে আলোচনায় আসা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। 

তিনি ইশরাকের সাহসিকতা ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন। তবে জনসমক্ষে এ ধরনের ঘটনার ক্ষেত্রে ভবিষ্যতে তাকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি রাশেদ খান এই মন্তব্য করেন। 

তিনি ইশরাক হোসেনকে উদীয়মান তরুণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় তিনি জোরালো ভূমিকা পালন করে আসছেন।

অভিযানের সময় মাদকসেবীদের হামলাই নিরাপত্তার বড় ঝুঁকি তৈরি করেছিল বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তাঁর মতে, মাদকের প্রভাবে মানুষ অস্বাভাবিক আচরণ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা চালাতে দ্বিধা করে না। এমন পরিস্থিতিতে আত্মরক্ষার প্রয়োজনে পিস্তল বের করাকে অযৌক্তিক বলা যায় না।

তবে ভবিষ্যতে রাজনৈতিক সমালোচনা এড়াতে ইশরাককে আরও কৌশলী হতে বলেছেন রাশেদ খান। তিনি বিশ্বাস করেন, এই সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়ে ইশরাক হোসেন নিজেকে আরও পরিণত নেতৃত্ব হিসেবে গড়ে তুলবেন। একই সাথে একক উদ্যোগের চেয়ে জনগণকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

উল্লেখ্য, ঘটনার পর ইশরাক হোসেন স্পষ্ট করেছেন যে তিনি কেবল তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মাদকসেবীরা যেন পালিয়ে যেতে না পারে, সে কারণেই ব্যবস্থা নিয়েছিলেন এবং পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন।

দেশে বর্তমানে মাদকের বিস্তার ও প্রতিরোধে প্রশাসনের একাংশের নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাশেদ খান। তিনি জানান, পুলিশের অভিযানে দুর্বলতা থাকার কারণেই সাধারণ জনগণ ও প্রতিনিধিদের সামাজিক প্রতিরোধে এগিয়ে আসতে হচ্ছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত